ন্যূনতম মজুরি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ, প্রস্তাব সংশোধনে সম্মত

পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডে জমা দেওয়া মজুরি প্রস্তাবনায় অসন্তোষ প্রকাশ করেছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। দীর্ঘ বৈঠক শেষে কোনো পক্ষই ঐকমত্যে পৌঁছাতে পারেনি। তবে আলোচনার পর উভয় পক্ষই নিজ নিজ প্রস্তাব সংশোধন করতে সম্মত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের বৈঠকে মালিকপক্ষ নিজেদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। তবে কোনো পক্ষের প্রস্তাবিত মজুরির পরিমাণ এখনো প্রকাশ করেনি বোর্ড।
বৈঠকের এক ফাঁকে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের জানান, আলোচনা চলছে। শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবগুলো যাচাই-বাছাই করছে বোর্ড।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, মালিকপক্ষের প্রস্তাবে তারা সন্তুষ্ট নন। অন্যদিকে মালিকপক্ষও শ্রমিকদের দাবিতে অসন্তুষ্ট। উভয় পক্ষ নিজ নিজ প্রস্তাব পর্যালোচনা করে সংশোধিত প্রস্তাব বোর্ডের কাছে জমা দেবে।
তিনি আরও জানান, প্রয়োজনে বৈঠক রাত ১০টা পর্যন্ত চলতে পারে। অন্যথায় আজকের বৈঠক মুলতবি করে আগামীকাল মঙ্গলবার পুনরায় শুরু হতে পারে।
সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে কারখানা মালিকদের প্রতিনিধিদের উপস্থিতিতে ছয় সদস্যের এই বোর্ডের তৃতীয় বৈঠক শুরু হয়।
এর আগে বৈঠকের শুরুতে সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাদের বৈঠক রাত ৮টা পর্যন্ত চলবে, তবে বিকেল ৪টায় আমরা আপনাদের অগ্রগতি সম্পর্কে জানাব।’
বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিজিএমইএ পরিচালক ও মজুরি বোর্ডের সদস্য এবিএম শামসুদ্দিন, শ্রমিক নেতা ও মজুরি বোর্ডের সদস্য বাবুল আখতার এবং রাশেদুল আলম রাজুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, বৈঠকের শুরুর দিকে শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বোর্ড কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন বেশ কয়েকটি পোশাকশ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় বিলম্ব বন্ধ করা এবং নিত্যপণ্যের ক্রমবর্ধমান দামের সঙ্গে সামঞ্জস্য রেখে মর্যাদাপূর্ণ মজুরি কাঠামোর দাবি জানান।
এ সময় তারা আটক শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি, শ্রমিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন ১২১ অনুযায়ী মজুরি আন্দোলনের সময় নিহত তৌফিক ও সেলিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। পাশাপাশি শিল্পে চাকরির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করে দমন-পীড়নের পরিবর্তে অর্থবহ সংলাপের মাধ্যমে শ্রমিকদের দাবি সমাধানে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
পূর্ববর্তী মজুরি প্রস্তাবনা
গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেন। সেখানে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। প্রথম গ্রেডে ৪৮ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার টাকা এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়।
এ ছাড়া নবনিযুক্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা এবং অফিস স্টাফ ও কর্মচারীদের জন্য প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার ও চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়।
তবে মালিকপক্ষের প্রতিনিধিরা দ্বিতীয় বৈঠকে তাদের প্রস্তাব জমা দিতে পারেননি। প্রস্তাব তৈরির জন্য তারা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড চার কার্যদিবস সময় মঞ্জুর করে ১৫ নভেম্বর সময়সীমা নির্ধারণ করে দেয়। এর আগে ৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠকে উভয় পক্ষকে পরবর্তী বৈঠকে নিজ নিজ প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তৃতীয় বৈঠকটি ১৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করে ২৩ নভেম্বর পুনর্নির্ধারণ করা হয়।
বিদ্যমান ন্যূনতম মজুরি
বাংলাদেশে পোশাকশ্রমিকদের বর্তমান মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এই মজুরি ঘোষণা করা হয় এবং ওই বছরের ডিসেম্বরে তা কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে প্রবর্তিত মজুরি কাঠামোয় ন্যূনতম মজুরি ছিল ৮ হাজার টাকা।
নিত্যপণ্য, বাসাভাড়া, চিকিৎসা ব্যয় ও জীবনযাত্রার খরচ বৃদ্ধির কারণে শ্রমিকরা মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন করে আসছেন।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
তথ্যসূত্র: টিবিএস নিউজ



