
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২০ জনে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজন রয়েছেন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ১৫০ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
এ বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন রোগী। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী।
তথ্যসূত্র: যমুনা টিভি


