মানসিক যন্ত্রণা: ঘুমন্ত মেয়েকে শ্বাসরোধে হত্যার পর বাবার আত্মহত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের ঘুমন্ত মেয়ে তানসিম খাতুন রাকাকে শ্বাসরোধে হত্যার পর বাবা মঞ্জুরুল হক রাজিব (৪০) আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ বাবা-মেয়ের এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঞ্জুরুল হক রাজিব উল্লাপাড়া উপজেলার ধড়ইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক। তিনি বিনায়েকপুর গ্রামের মো. আব্দুর রশিদ মাস্টারের ছেলে।
উল্লাপাড়া থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাজিব সম্প্রতি তার চাচার কাছ থেকে জমি কেনেন। কিন্তু সেই জমি বুঝে না পেয়ে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। এ অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে বাড়ির একটি ঘরে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর রাজিব গামছা দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাবা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
