ক্রিকেট
প্রধান খবর

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, হৃদয়কে শাস্তি দিল আইসিসি

জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করার পাশাপাশি দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হন হৃদয়। ম্যাচটি ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে নেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য প্রযোজ্য আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত এই বিধি। গত ২৪ মাসের মধ্যে এটি হৃদয়ের প্রথম অপরাধ হওয়ায় তার শাস্তির খাতায় দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

ঘটনাটি ঘটে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের ব্যালকনির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের সিদ্ধান্তের সমালোচনা করেন হৃদয়। খেলা আরও আগেই বন্ধ করা উচিত ছিল-এমন দাবি তুলে আম্পায়ারদের সঙ্গে আক্রমণাত্মক ও অশোভন ভঙ্গিতে কথা বলেন তিনি।

এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি ও অভিযোগ মেনে নিয়েছেন হৃদয়। ফলে এ বিষয়ে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ পর্যায়ের অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি অপরাধের ধরন অনুযায়ী এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে।

দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে।

তথ্যসূত্র: দি ডেইলি স্টার

এই বিভাগের অন্য খবর

Back to top button