
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনিরুল ইসলাম গালিব (গালিব) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া মহানগরের খান্দার এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাছে এ ঘটনা ঘটে।
নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সে বগুড়া মহানগরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মো. মাহবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় খান্দার পাসপোর্ট অফিস এলাকায় গালিবের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, নিহত শিক্ষার্থী গালিবের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। এ সময় সে ধূমপান করছিল। স্থানীয় মিশু (২১) নামের এক যুবক তার ধূমপানের দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন তিনি।
এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তাঁর বন্ধু রোহিত বাবুর (২১) বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু গালিবের বুক ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, এ ঘটনায় জড়িত মিশু, বাবু ও জিসান নামের তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতেই অভিযান চালানো হয়েছে। নিহত গালিবের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



