বাবার কোলে শিশুকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার ৫

নোয়াখালীতে বাবার কোলে থাকা চার বছরের শিশু কন্যা সন্ত্রাসীদের গুলিতে নিহতের মামলায় প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি হাজিপুরের লক্ষ্ণীনারায়ণপুর গ্রামের রিমন (২৩), তিন নং আসামি একই গ্রামের মহিন (২৫), চার নং আসামি আকবর হোসেন (২৫), পাঁচ নং আসামি সুজন (২৮) এবং ১০নং আসামি লতিফপুর গ্রামের নাঈম (২৩)।
মঙ্গলবার রাতে সুবর্ণচরের চরজাব্বার ইউনিয়নের চরক্লার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব- ১১ এর সিপিসি- ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, অভিযান চালিয়ে শিশু তাসপিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি ও শুটার মো. রিমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা জানান তিনি।
১৩ এপ্রিল বিকেলে জেলার বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে মাটি কাটা নিয়ে বিরোধে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় বাবার কোলে থাকা শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া। গুলিবিদ্ধ হন শিশুটির বাবা সৌদি প্রবাসী মাওলানা আবু জাহেরও। গুলিতে তার ডান চোখ নষ্ট হয়ে যায়।
এসএ



