
নিজস্ব প্রতিবেদক: বগুড়া মহানগরের সেন্ট্রাল মসজিদ ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (২৬ অক্টোবর) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহরাব হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
আটককৃতরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার চককানপাড়ার মোঃ মুকুল প্রামাণিকের ছেলে মোঃ সিহাব (১৮) অন্য দুজন হলেন সেউজগাড়ী এলাকার মোঃ আলী হোসেনের ছেলে মোঃ আলমগীর (৩০) এবং গাবতলী উপজেলার রামেশ্বরপুর এলাকার মোঃ তোজাম পোদ্দারের ছেলে মোঃ নয়ন (৩০)।
ডিএনসি জানিয়েছে, সোমবার ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহরাব হোসেনের নেতৃত্বে বগুড়া মহানগরের সেন্ট্রাল মসজিদ ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনকে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়। প্রথম আসামি সিহাবকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মোঃ আলমগীরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে নয়নকে।



