সন্তানদের হত্যা করার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেন মা

পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন মা সাহিদা বেগম।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পুলিশের কাছে দুই শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ নম্বর পুনর্বাসন এলাকা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাদের সাহিদা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হচ্ছে- নিকরাইল ইউনিয়নের ১ নম্বর পুনর্বাসন এলাকার ইউসুফ আলীর ছেলে সাজিম (৬) ও সানি (৪ মাস)।
জানা যায়, সাহিদার স্বামীর কোনো কিছু নেই। তার ভাই ও ভাবি মানসিকভাবে যন্ত্রণা দিত। তাদের মধ্যে এক সপ্তাহ আগেও ঝগড়া হয়েছিল। এর ফলে সাহিদা আশঙ্কা করছিলেন তার ভাই ও ভাবি তাদের সন্তানকে মেরে ফেলবেন। এই আশঙ্কা থেকেই সাহিদা তার দুই ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ জানান, পারিবারিক কলহের জেরে সাহিদা বেগম তার দুই শিশু সন্তানকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পরে তিনি নিজে চলন্ত ফ্যানে কাটা পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ জন্য নিহত দুই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
বর্তমানে তিনি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।



