
কক্সবাজারের হিমছড়ি এলাকায় সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পর্যটকদের একটি দল মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সাগরে গোসলে নামেন। এ সময় ঢেউ ও স্রোতে তাঁরা ভেসে যান। পরে স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ইউএনও আরও জানান, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে পুলিশসহ সংশ্লিষ্ট উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।
তথ্যসূত্র: ইত্তেফাক



