গুলিতে নিহত প্রীতির পরিবার পেলো ২০ লাখ টাকা

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত বদরুন্নেসা মহিলা কলেজের ছাত্রী সামিয়া আফরিন প্রীতির (২৪) পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রীতির বাবা জামাল উদ্দিনের হাতে পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গত তিন বছরে এ নিয়ে ৩৫ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ শ’ ২১ লক্ষ টাকার অনুদান দেয়া হয়।
২৪ মার্চ (বৃহস্পতিবার) রাতে রাজধানীর শাহজাহানপুর আমতলা রেলগেট এলাকায় বান্ধবীর সঙ্গে রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন সামিয়া আফরিন। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মূলত যানজটে আটকে থাকা মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিটুকে এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এ সময় পাশের রিকশায় থাকা সামিয়ার শরীরেও গুলি লাগে।
এসএ



