
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হচ্ছে না ফিফা ট্রফির বাংলাদেশ ট্যুর ও কোক স্টুডিও বাংলার কনসার্ট। সব ঠিক থাকলে সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হবে বছরের সবচেয়ে তারকাবহুল কনসার্টটি। খবর চ্যানেল আই এর।
আবহাওয়ার পূর্বাভাস বলছে বিকেলে বৃষ্টির সম্ভাবনা নেই। স্টেডিয়ামের মাঠে জমে থাকা পানি নিষ্কাশন শুরু হয়েছে।
সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিক ভাবে কনসার্ট শুরুর প্রাথমিক পরিকল্পনা আছে। বাকিটা আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করবে।
চলতি বছরে বাংলায় সবচেয়ে বড় ও তারকা সমৃদ্ধ কনসার্ট বলা হচ্ছে এটিকে। বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে এ কনসার্টের আয়োজনে কনসার্ট উপভোগ ছাড়াও দর্শক শ্রোতারা ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন।
কনসার্টে গাইবেন নগরবাউল জেমস, ওয়ারফেজ, নেমেসিস, লালন সহ কোক স্টুডি বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতা। মানে কোক স্টুডিও বাংলা থেকে ইতোমধ্যে যাদের পারফর্ম দর্শক দেখেছেন, তারা সবাই কনসার্টে উপস্থিত থাকবেন।