সারাদেশ

পেট ফেটে বেরিয়ে আসা সেই নবজাতক “ফাতেমা’ জন্ডিসে আক্রান্ত

ময়মনসিংহের ত্রিশালে টাকাচাপায় মায়ের পেট ফেটে সড়কে ভূমিষ্ঠ হওয়া সেই নবজাতক ফাতেমা জন্ডিসে আক্রান্ত হয়েছে। নবজাতক ফাতেমার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে সোমবার রাতে নবজাতক ফাতেমাকে বেসরকারি লাবিব হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসা শুরু হয় ফাতেমার।

লাবিব হাসপাতালের পরিচালক মো. শাহ জাহান বলেন, শিশুটি কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল (সিবিএমসি) শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। কিন্তু জন্ডিস দেখা দিলে চিকিৎসক ফটোথেরাপি দেওয়ার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাতেই সেখানে ভর্তি করানো হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী জানান, শিশুটির চিকিৎসায় পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে নবজাতকটির চিকিৎসায়। নিউনেটাল বিভাগের বিভাগী প্রধানকে মেডিকেল বোর্ডের প্রধান করা হয়েছে। মেডিকেল বোর্ডের গাইডলাইন অনুযায়ী তার চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ডের মতামত অনুযায়ী শিশুটি এখনও শঙ্কামুক্ত নয়। শিশুটি জন্ডিসে আক্রান্ত, হাড় ভাঙা ও রক্তস্বল্পতা রয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক বলেন, শিশুটি জন্ডিসের জন্য ফটোথেরাপি দেওয়া হচ্ছে। সার্বক্ষণিক তার খোঁজ রাখা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button