নবজাতক নিয়ে যাওয়ার হুমকি, ৪ হিজরা আটক

রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে ৪ হিজড়াকে আটক করা হয়েছে।
রবিবার (১৪ আগস্ট) সকালে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো-আলো হিজড়া (২৮), শারমীন হিজড়া (২৩), মিম হিজড়া (৩০) ও রুমা হিজড়া (২৫)।
পুলিশ জানান, গত ৬ আগস্ট উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি ভবনে এক ভাড়াটিয়ার একটি কন্যাসন্তান হয়। এর মাস দুয়েক আগে একই ভবনের আরেক ভাড়াটিয়ার একটি কন্যাসন্তান হয়।
এরপর আজ রবিবার অভিযুক্ত হিজড়ারা এসে দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এই চাঁদাকে তারা ‘নবজাতক পাওনা’ বলে দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নবজাতক নিয়ে যাওয়ার হুমকিও দেয়।
এক পর্যায়ে তাদের একজন ৩ হাজার টাকা দেন। কিন্তু বাকিজন টাকা না দিলে তার ঘরের দরজায় লাথি মেরে, ঘরের সামনে চিৎকার করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
পরে ভুক্তভোগী পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক পরিবারের কাছ থেকে নেওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।