গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একে একে মারা গেলেন ৬ জন

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধদের মধ্যে নার্গিস খাতুন (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হলো।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন নার্গিস খাতুন আজ রাত ৭টার দিকে মারা যান। নার্গিস খাতুন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ভেড়াখোলা পূর্বপাড়া গ্রামের আব্দুল বারেকের মেয়ে।
জানা গেছে, নার্গিস খাতুন গাজীপুরের একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করত। সেই দিনের আগুনের ঘটনায় তারা স্বামী-স্ত্রী দুজনেই দগ্ধ হয়েছিল। আজ সকাল ৬টার দিকে স্বামী মহিদুল এবং রাত ৭টার দিকে নার্গিস মারা যায়। তাদের একমাত্র ছেলেটি দাদা বাড়িতে থাকায় প্রাণে বেঁচে যায় সেদিন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক চিকিৎসক সাংবাদিকদের জানান, এ ঘটনায় গত শনিবার সকালে মনসুর আলী, শুক্রবার সকালে সোলাইমান মোল্লা এবং সন্ধ্যার দিকে শিশু তায়েবা, আজ সকালের দিকে আরিফুল ইসলাম ও মহিদুল মারা যান। এ ঘটনায় এ পর্যন্ত শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।
গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।



