টঙ্গীতে দগ্ধ ৪ ফায়ার সার্ভিস কর্মী, দুজনের শরীরের শতভাগ পুড়ে গেছে

ছবি: ভিডিও থেকে নেওয়া
গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের একটি সেমিপাকা কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের চার কর্মী ও এক দোকান কর্মচারী। এর মধ্যে দুজন দমকলকর্মীর শরীরের শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে দুই ফায়ার ফাইটারের শরীরের শতভাগ, আরেকজনের ৪২ শতাংশ পুড়ে গেছে।
আজ সোমবার দুপুরে আগুন লাগার পর নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন পাঁচজন। আহতরা হলেন—দমকলকর্মী শামীম আহমেদ (৪২), জয় হাসান (২৮), নুরুল হুদা (৪০), খন্দকার জান্নাতুল নাইম (৩৮) এবং দোকান কর্মচারী আল-আমিন হোসেন (২৮)।
ফায়ার সার্ভিস জানায়, গুদামে সোডিয়াম বাইকার্বোনেট, হাইড্রোক্লোরিক এসিড, ব্লিচিং পাউডার, ব্যাটারি, স্টোন ও সোডাসহ বিভিন্ন কেমিক্যাল যত্রতত্রভাবে মজুত ছিল। আগুন নেভাতে গেলে সেখানেই বিস্ফোরণ ঘটে।
আহত চার দমকলকর্মীকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং আল-আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি জানান, নুরুল হুদা ও শামীম আহমেদের শ্বাসনালীসহ শরীরের শতভাগ, আর খন্দকার জান্নাতুল নাইমের শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। জয় হাসানের ৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হবে। নুরুল, শামীম ও জান্নাতুল নাইমের অবস্থা আশঙ্কাজনক।
অগ্নিকাণ্ডের একটি ভিডিওতে দেখা যায়, আগুনের ভেতর থেকে বিস্ফোরণের ধোঁয়া বের হওয়ার পর হামাগুঁড়ি দিয়ে এক দমকলকর্মী বের হচ্ছেন।
সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে আসে। তবে কর্মকর্তারা বলেন, “যেহেতু এটি কেমিক্যালের আগুন, পুরোপুরি নিভেছে কি না নিশ্চিত হওয়া যাচ্ছে না। বারবার আগুন জ্বলে উঠছে, আমাদের কর্মীরা এখনও ভেতরে কাজ করছেন।”
তথ্যসূত্র: ডেইলি স্টার



