
নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বগুড়ায় প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া তরুণ ও সাবেক সমন্বয়ক সাকিব খানকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। তার বিরুদ্ধে সাইবার প্রযুক্তি ব্যবহার করে তদবির বানিজ্যের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিব খান শহরের নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।
বগুড়া সদর থানা পুলিশ জানায়, ঢাকার শাহবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহবাগ থানার তদন্ত পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া সাকিব বিভিন্ন নাম্বার ব্যবহার করে তদবির বানিজ্য করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদি হয়ে মামলা করেছে। মামলায় তাকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে চালান করা হয়েছে।
