
আওয়ামী লীগ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক সাতটি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে আটটি আসন বণ্টন করেছে বিএনপি। এর মধ্যে বগুড়া-২ আসনটি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দীর্ঘ আলোচনার মাধ্যমে আন্দোলনের শরিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই এই আসনগুলো নির্ধারণ করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী-
পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) থেকে মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আসন ছেড়ে দেওয়া হয়েছে।
এছাড়া ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খান, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকেও আসন দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল বলেন, সমঝোতা হওয়া দলগুলো নিজ নিজ প্রতীকে নির্বাচন করবে। আলোচনা এখনও চলমান রয়েছে, প্রয়োজনে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত জানানো হবে।
তথ্যসূত্র: বিবিসি



