
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়াজুড়ে। পুত্রবধূর মৃত্যুতে যেন আপনজন হারানোর বেদনায় ভেঙে পড়েছে এ জেলার মানুষ। বগুড়ার গাবতলী উপজেলার বাঘবাড়ি এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে সকাল থেকেই বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
শুধু বাগবাড়ি নয়, পুরো বগুড়ার বিভিন্ন এলাকায় চলছে দোয়া, কোরআনখানি ও স্মৃতিচারণ। বগুড়ার মানুষের কাছে খালেদা জিয়া ছিলেন কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং পরিবারের একজন সদস্যের মতো। স্থানীয়রা আঞ্চলিক ভাষায় যাকে ভালোবেসে ‘ব্যাটার বউ’ বলে ডাকতেন, সেই পুত্রবধূর বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সর্বস্তরের মানুষ।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া দল ও দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে গত দেড় দশকে তার ওপর চালানো নির্যাতন ও নিপীড়নের কথা স্মরণ করে অনেকেই অশ্রুসজল হয়ে পড়েন।
বগুড়াবাসীর কাছে খালেদা জিয়া ছিলেন গর্ব ও ভালোবাসার প্রতীক। তার মৃত্যুতে জেলার প্রতিটি পাড়া-মহল্লায় নেমে এসেছে গভীর শোক ও নীরবতা।



