
বগুড়া শহরের যানজট নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নেকটার থেকে সাতমাথা (গোহাইল রোড) পর্যন্ত ৩ কিলোমিটার আরসিসি ও বিসি সড়ক এবং আরসিসি ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সাতমাথা এলাকায় প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
বিশ্বব্যাংকের অর্থায়নে ‘আরইউটিডিপি’ প্রকল্পের আওতায় বগুড়া সিটি করপোরেশন এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির চুক্তিভিত্তিক নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৬০ লাখ ১১ হাজার ২৯৯ টাকা। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এসপিএল-আরএসই (জেভি) নির্মাণ কাজ বাস্তবায়ন করবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে গোহাইল রোডের গুরুত্বপূর্ণ এই অংশটি বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা ও প্রতিদিনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো জলাবদ্ধতা, বাড়ত যানজট ও ভোগান্তি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর অবশেষে শুরু হলো আধুনিক সড়ক ও ড্রেন নির্মাণ কাজ।
তারা আরও জানান, প্রকল্পের কাজ সম্পন্ন হলে ওই এলাকায় জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে এবং শহরের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে। একই সঙ্গে নগরবাসীর যাতায়াত হবে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক।
উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া সিটি করপোরেশনের প্রকৌশলীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
