
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে চয়ন রাজভর নামের এক কোচিং সেন্টারের পরিচালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই নয়নসহ আরও দুইজন আহত হয়েছেন।
নিহত চয়ন রাজভর উপজেলার তুলা রাম রাজভরের ছেলে। তিনি ফুলবাড়ি এলাকার ‘দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টার’-এর পরিচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ি বাজার এলাকার পাশে একটি জমি নিয়ে চয়ন রাজভর ও প্রতিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তারাবিহ নামাজের পর এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এসময় চয়ন রাজভরকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চয়নের ভাই নয়ন গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত আমিনুর ফকির সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



