বগুড়া জেলাশিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা নূরনবী সরকার (২৮) রয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) ভোরে দ্বিগুরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের শ্রমিক কোয়ার্টারে এ দুর্ঘটনা ঘটে।

নূরনবী সরকার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের কচুয়া গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তিনি মালদ্বীপে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির জন্য ২০১৬ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি প্রবাসে যান। ঈদুল ফিতরের পর দেশে ফেরার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাকে ফিরতে হচ্ছে কফিনবন্দি হয়ে।

নূরনবীর বাবা আব্দুস সামাদ জানান, মরদেহ দেশে আনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি। তবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি দেখভাল করছে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর বগুড়া প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button