
বগুড়ায় তীব্র গরমে ‘হিটস্ট্রোক’ এ এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বগুড়া শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম আবু সামাদ (৫৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার বাসিন্দা এবং মৃত আজিজার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। পথিমধ্যে বকশীবাজার মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে রিকশা থামিয়ে বসে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে পাশের একটি ভবনের দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে বসিয়ে দেন। কিছুক্ষণ পরই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ধারণা, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



