
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দী উপজেলার জোরগাছা এলাকায় বাঙ্গালী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে সারিয়াকান্দী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে মারা যাওয়া ওই ব্যক্তির লাশ নদীতে ভাসছিল। লাশ উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
সারিয়াকান্দী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান বলেন, নদী থেকে উদ্ধার করা মরদেহটি একজন পুরুষের। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার কোমরের কাছে মাদক সেবনের একটি ড্যান্ডি পাওয়া গেছে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় ওই ব্যক্তি পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। তবে এটি প্রাথমিক ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি জানান, মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে।



