বগুড়া জেলাসোনাতলা উপজেলা
প্রধান খবর

বগুড়ায় বাঙালি নদীতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তীর্থ সাহা (১৭) সোনাতলা নতুন বন্দর এলাকার বাসিন্দা এবং দীপক সাহার ছেলে। তিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীতে গোসল করতে যান তীর্থ। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন।

পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি। একপর্যায়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।

সোনাতলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আকরামুল হাসান তুষার জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি বিশেষ ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।

তিনি আরও জানান, শনিবার ভোরে পুনরায় অভিযান শুরু করলে সকাল ৭টার দিকে আড়িয়াঘাট ব্রিজের নিচে তীর্থ সাহার মরদেহ উদ্ধার করা হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button