
নিজস্ব প্রতিবেদক : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় একটি প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় রোলার মেশিনের বেল্টে জড়িয়ে মো. আলিফ (১৭) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে দুপচাঁচিয়া পৌরসভার তেলিগাড়ী এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ দিনাজপুর জেলার বিরল উপজেলার উত্তর দোগাছি গ্রামের গুলজার হোসেনের ছেলে। তিনি প্রায় এক বছর ধরে ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের শিফটে কাজ করার সময় সুতা তৈরির রোলার মেশিনের বেল্টের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন আলিফ। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজমিলুর রহমান জানান, কারখানার রোলার মেশিনের বেল্টে জড়িয়ে ওই শ্রমিক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।