
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার বনানী এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই সড়কে চলাচলরত একটি প্রাইভেটকার পেছন দিক থেকে একটি থ্রিহুইলার অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন।
আহতরা হলেন উপজেলার আশেকপুর মণ্ডলপাড়া গ্রামের আলী আজগর খন্দকারের ছেলে মো. গোলাম আজম (৩৫), একই এলাকার মো. আইন উদ্দিনের ছেলে মো. একরামুল হক (৪০) এবং শাকপালা গোয়ালগাড়ী এলাকার মো. খোরশেদ আলমের ছেলে মো. তুর্জ (৩৭)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল জানান, দুর্ঘটনার সময় একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে চলা অটোরিকশাকে সজোরে আঘাত করে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি বলেন, অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে তিনজন গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাসুদ রানা জানান, প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে স্থানান্তর করা হয়েছে।