
বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহকারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম আনোয়ার হোসেন (৩০)। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। আহত সহকারী হৃদয় হোসেন (২৪) বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান জানান, নওগাঁ থেকে নোয়াখালীগামী একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে বগুড়া থেকে নওগাঁগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন নিহত হন। একই ঘটনায় তাঁর সহকারী হৃদয় হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর দুটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে বালুবাহী ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।