বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর ও আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম মোস্তপাড়া এলাকা থেকে দুই পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মো. সুমনকে আটক করা হয়। তিনি উপজেলার মোস্তপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, একই দিন বিকেল ৫টার দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে মদসহ মো. খোরশেদ আলম (৪৫) নামে একজনকে আটক করা হয়। তিনি মৃত লোকমান হোসেনের ছেলে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পৃথক দুটি অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button