
বগুড়ার সোনাতলা উপজেলায় শ্যালোমেশিনচালিত অবৈধ তিন চাকার যান (ভটভটি) উল্টে কুড়ানু প্রামাণিক (৫২) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের নুরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুড়ানু প্রামাণিক উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরু কেনার উদ্দেশ্যে কুড়ানু প্রামাণিকসহ কয়েকজন ভটভটিতে করে ভরতখালী হাটে যাচ্ছিলেন। পথে নুরপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গরুবোঝাই ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় ভটভটিটি সড়কে উল্টে গেলে কুড়ানু প্রামাণিক এর নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অপর দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।