
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের সচেতন, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বগুড়ার আদমদীঘি থানার উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিবাহ, আত্মহত্যা, মাদকাসক্তি, অপহরণ, ইভটিজিং এবং মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখতে হবে।
ওসি কামরুজ্জামান মিয়া বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। নিজেদের নিরাপদ রাখা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকাই একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয়।”
তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন, সামাজিক দায়িত্ববোধ এবং আইন সম্পর্কে জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো সমস্যায় ভয় না পেয়ে শিক্ষক, অভিভাবক কিংবা পুলিশের সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং আদমদীঘি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও স্থানীয়রা বলেন, সমাজ থেকে অপরাধ, সহিংসতা ও সামাজিক অবক্ষয় দূর করতে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।