বগুড়ার রেস্টুরেন্টে রান্নাঘরে গোবর, ওয়াশরুমের দরজায় প্লেট পরিষ্কার; জরিমানা ৩ লাখ

নিজস্ব প্রতিবেদক: রান্নাঘরে গরুর শুকনো গোবর সংরক্ষণের স্থানের পাশে পরোটার ময়দার খামির (ডো) তৈরি, ওয়াশরুমের দরজায় বসে খাবারের প্লেট পরিষ্কার, পচা ও বাসি মিষ্টি সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে বগুড়ার শেরপুরে ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত শেরপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন।
বগুড়া জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় এবং শেরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটির রান্নাঘর ও খাবার সংরক্ষণের বিভিন্ন স্থানে একাধিক অনিয়মের চিত্র উঠে আসে।
বগুড়া নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল জানান, প্রতিষ্ঠানটিতে পঁচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রির জন্য রাখা হয়েছিল। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছিল বিভিন্ন খাবার। রান্নাঘরে গরুর শুকনো গোবর সংরক্ষণের স্থানের পাশে পরোটার ময়দার খামির তৈরি করতে দেখা যায়। এমনকি ওয়াশরুমের দরজায় বসে খাবারের প্লেট পরিষ্কার করা হচ্ছিল।
এ ছাড়া উৎপাদিত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা এবং পোড়া তেলে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানের খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতেও দেখা যায়নি।
এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে প্রতিষ্ঠানের মালিক দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের কাছে এসব অনিয়মের বিষয়ে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।



