বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা ছড়িয়ে দেওয়া এবং নতুন উদ্ভাবনী প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’র রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠান।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। সকাল থেকে শুরু হওয়া প্রদর্শনীতে শিক্ষার্থীরা অতিথিদের সামনে তাদের উদ্ভাবনের ধারণা, কার্যকারিতা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে।

প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা মূল্যায়ন করা হয়। এ সময় অতিথিরা বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা, গবেষণামনস্কতা ও প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহিত করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাচ্ছে। একই সঙ্গে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রাখার পথ তৈরি হচ্ছে।

দিনব্যাপী প্রদর্শনী ও মূল্যায়ন শেষে বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button