বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
কাহালুর ভালতা আদর্শ গুচ্ছগ্রামে গোসল করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, মোঃ আসাদুল ইসলামের ছেলে জাকিরুল (৬), এবং ফারুক মণ্ডলের ছেলে ফাইম (৮) ও মেয়ে সুরাইয়া (৫) । তিনজনই ভালতা গুচ্ছগ্রামের বাসিন্দা।
জানাগেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে দুপুর প্রায় ১টার দিকে প্রতিবেশি মোছাঃ সালমা খাতুন পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে একই সময় ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে তাদের নানী আবেদা বেগম স্থানীয়দের সহযোগিতা চান। পরে মিন্টু প্রামাণিক নামে এক ব্যক্তি পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করেন। তবে সুরাইয়ার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে ওই একই পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে কাহালু থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, ঘটনাটি প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।