বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

বগুড়া ও এর আশপাশের এলাকা নিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও দুর্যোগ-সহনশীল নগর গড়ে তুলতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

খসড়া আইনে বলা হয়েছে, বগুড়া সিটি করপোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠন করা হবে। চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে পরিচালিত এ কর্তৃপক্ষ মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা প্রণয়ন করবে।

আইন অনুযায়ী, কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া কোনো নতুন নির্মাণকাজ বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। এছাড়া নদী-নালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর পরিবেশগত বিধিনিষেধ আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

খসড়ায় ল্যান্ড রিডজাস্টমেন্ট (Land Readjustment) এবং ল্যান্ড রিডেভেলপমেন্ট (Land Redevelopment)-এর মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে। ল্যান্ড রিডজাস্টমেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার অন্তত ৬০ শতাংশ ভূমি মালিকের সম্মতি প্রয়োজন হবে।

এছাড়া অননুমোদিত নির্মাণ, জলাধার ভরাটসহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। কর্তৃপক্ষের নিজস্ব তহবিল গঠন, উন্নয়ন ফি নির্ধারণ, ঋণ গ্রহণ এবং নিরীক্ষার ব্যবস্থাও আইনে অন্তর্ভুক্ত রয়েছে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিষয়টি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও নিশ্চিত করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button