দুপচাঁচিয়া উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

প্রেমিকার জন্য মোবাইল কিনতে অপহরণের নাটক, বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক: প্রেমিকার জন্য মোবাইল ফোন কিনতে বাবার কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যে অপহরণের নাটক সাজিয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

পুলিশ জানায়, ওই শিক্ষার্থী রাজশাহীতে আত্মগোপন করে নিজের ব্যবহৃত মোবাইল নম্বর থেকেই পরিবারের সদস্যদের কাছে ফোন দেন। ফোনে মারধরের শব্দ শোনানোর পাশাপাশি ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

বিষয়টি জানার পর দুপচাঁচিয়া থানা পুলিশ দ্রুত একটি তদন্ত টিম গঠন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহী থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে স্বীকার করেন, প্রেমিকার জন্য একটি মোবাইল ফোন কেনার টাকা জোগাড় করতেই তিনি অপহরণের এই নাটক সাজিয়েছিলেন।

এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও মানসিক আতঙ্কের মধ্যে পড়েন। পরে নিজের ভুল স্বীকার করায় প্রয়োজনীয় কাউন্সেলিং শেষে শিক্ষার্থীকে তার বাবার জিম্মায় হস্তান্তর করে পুলিশ।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজমিলুর রহমান বলেন, ওই শিক্ষার্থীকে আটক করার পর তিনি বাবার কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে আশ্বাস দেওয়ায় প্রয়োজনীয় কাউন্সেলিং শেষে তাকে বাবার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button