বগুড়ার সারিয়াকান্দিতে জমি বিরোধে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামাণিক (৬২) নামে এক সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোসলেম উদ্দিন উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমিজমা ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাত ৮টার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী জানান, তার ভাই অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গোচারণভূমি বিক্রি নিয়ে নান্টু সরকারের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সাবেক সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।