বগুড়া জেলাসারিয়াকান্দি উপজেলা
প্রধান খবর

বগুড়ায় জমি বিরোধে সাবেক সেনাসদস্যকে হত্যার অভিযোগে ৬ জন গ্রেপ্তার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি ও গোচারণভূমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামাণিক (৬২) নামে এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মোসলেম উদ্দিন প্রামাণিক উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে।

সোমবার (৩ আগস্ট) রাত প্রায় ৮টার দিকে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার জানায়, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে জমি ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে পাকুড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন—জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরশুভগাছা গ্রামের মৃত আসাদুজ্জামান খানের দুই ছেলে হায়দার আলী খান (৭০) ও গিয়াস আলী খান (৭৫), বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুড়িয়া গ্রামের মৃত দুদু সরকারের ছেলে মিন্টু সরকার (৫৬), মোখলেছুর রহমানের ছেলে সুজন মণ্ডল (৩২), মৃত ময়েজ মণ্ডলের ছেলে মোখলেছুর রহমান (৫৫) এবং ইলিয়াস সরকারের ছেলে সোহেল সরকার (৩৫)।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, “ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button