
নিজস্ব প্রতিবেদক: বগুড়া মহানগরের সেউজগাড়ী ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বিকাল ৫টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালালের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
অভিযানে বগুড়া মহানগরের সেউজগাড়ী ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকা থেকে গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলার বেলাই গ্রামের মৃত মোনাত মিয়ার ছেলে মোঃ ঠান্ডা মিয়া (৫০), গাবতলী উপজেলার পেরী গ্রামের মৃত আবতাব শাহর ছেলে মোঃ শামীম হোসেন (৫৬), বগুড়া শহরের মালগ্রাম এলাকার মোঃ আব্দুল সালাম প্রামাণিকের ছেলে মোঃ সনি আহম্মেদ (২১) শহরের মধ্য চেলোপাড়া শ্রী অমল চন্দ্র ঘোষের ছেলে শ্রী ডন কুমার ঘোষ (৩৮) এবং ভাটকান্দি এলাকার মৃত আবগান শেখের ছেলে মোঃ শিমুল শেখ (৪৫)
ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী, ঠান্ডা মিয়া, শামীম হোসেন ও সনি আহম্মেদকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ডন কুমার ঘোষকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং ও শিমুল শেখকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমান জানান, আটককৃতদের থেকে পাওয়া আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। মাদকের সাথে সংশ্লিষ্টদের উদ্ধার নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।



