বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বাস, নিহত ৭, আহত অন্তত ১৫

বগুড়া প্রতিনিধি: বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বাজারে ঢুকে ৭ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস এরুলিয়া বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কৃষি জমিতে কাজ করতে আসা দিনমজুরদের ওপর উঠে বাজারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুর্ঘটনার পর গুরুতর আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় সাতজনে। আহত অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩) ও আবদুর রহিম (৪৬)। বাকি দুজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।

বাসের যাত্রীরা জানান, ঢাকা থেকে নওগাঁর পথে চালককে ঘুমঘুম অবস্থায় মনে হচ্ছিল। পাশাপাশি তিনি বাসটি অতিরিক্ত গতিতে চালাচ্ছিলেন। তবে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে বুঝতে পারেননি। হঠাৎ দুর্ঘটনার পর বাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাসের সামনের সারির যাত্রীরাই বেশি আহত হন।

বগুড়া সদর থানার এএসআই মো. শফিকুল ইসলাম জানান, শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থানরত শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই বাসের যাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button