
বগুড়া প্রতিনিধি: সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) গুরুত্বপূর্ণ কাজের জন্য এতদিন রংপুরে যেতে হতো উত্তরাঞ্চলের পাঁচ জেলার সংশ্লিষ্টদের। সেই ভোগান্তি কমাতে বগুড়ায় উদ্বোধন করা হয়েছে সওজের বগুড়া সড়ক জোন।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় বগুড়ায় নতুন এ সড়ক জোনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি।
নতুন এ সড়ক জোনের আওতায় বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার সড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে।
সংশ্লিষ্টরা জানান, পাঁচ জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম এখন বগুড়া থেকেই সমন্বয় ও পরিচালনা করা হবে।
এর ফলে সড়ক সংক্রান্ত বিভিন্ন কাজে সংশ্লিষ্টদের আর নিয়মিত রংপুরে ছুটতে হবে না। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি পাঁচ জেলার সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বগুড়া সড়ক ভবন চত্বরে বৃক্ষরোপণ করেন।



