
বগুড়া প্রতিনিধি: দীর্ঘদিন পর নতুন রূপে ফিরছে বগুড়া শহরের ঐতিহাসিক শাকপালা পার্ক। শহরের শাকপালা মোড়ে অবস্থিত এ ঐতিহ্যবাহী পার্কের আধুনিকায়ন ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় শাকপালা পার্কের পুনর্গঠন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি।
জানা গেছে, বগুড়া শহরের মানুষের বিনোদন ও অবসর কাটানোর অন্যতম পরিচিত স্থান হিসেবে দীর্ঘদিন ধরে শাকপালা পার্কের বিশেষ পরিচিতি রয়েছে। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পার্কটি গড়ে ওঠে বলে সংশ্লিষ্টরা জানান।
নতুন করে উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে পার্কটি আবারও শহরবাসীর অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রী পার্কের স্থান পরিদর্শন করেন।
উল্লেখ্য, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে দেশের নির্বাচন প্রসঙ্গের পাশাপাশি বগুড়ার শাকপালা পার্কের বিষয়টিও আলোচনায় এসেছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



