
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। সকাল ৮টার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাক এসে সেটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকাজ চলমান থাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
ওসি হাফিজুর রহমান জানান, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত চিত্র ও হতাহতের সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।



