
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়া এলাকা থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ঢাকার মিরপুর থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ায় এনে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিকেলে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে বাদী তানভীরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট দেখতে পান। ওই পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।
পোস্টটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বাদীর অভিযোগ, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।
জানা গেছে, সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তানভীর। এ নিয়ে সমালোচনা শুরু হলে তিনি ওই পোস্ট মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেন বলে জানা গেছে।
বিতর্কিত পোস্টের পর এনসিপি প্রথমে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চলমান তদন্তের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সে সময় তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অনিয়ম, আর্থিক লেনদেন ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তের কথা জানিয়েছিল দল। তদন্ত চলাকালে তাকে দলীয় পরিচয় ও সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। পরে তিনি পুনরায় দলে ফিরেছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, ৫ আগস্ট ভোরে ঢাকার মনিপুর এলাকা থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বগুড়া সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মিরপুর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
পরে তাকে বগুড়ায় এনে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।



