
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পুকুরে নিষিদ্ধ পিরানহা মাছ চাষের অভিযোগে দুই মাছ চাষীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পুকুর থেকে প্রায় ৩ মণ পিরানহা মাছ জব্দ করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়াড কলোনির গুপোঁতা এলাকায় রেলওয়ের একটি পুকুরে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, পুকুরে জাল দিয়ে পিরানহা মাছ ধরা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুকুর থেকে প্রায় ৩ মণ পিরানহা মাছ জব্দ করা হয়। পরে নিষিদ্ধ মাছ চাষের অভিযোগে মাছ চাষী দেলোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা এবং ইউসুফ আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জব্দ করা প্রায় ৩ মণ পিরানহা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


