বগুড়া জেলা
প্রধান খবর

জাতীয় মৎস্য পদক পেলেন বগুড়ার মহিত তালুকদার

নিজস্ব প্রতিবেদক:
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ী গ্রামে অবস্থিত জি এম অ্যাকুয়া কালচার-এর স্বত্বাধিকারী ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার জাতীয় মৎস্য পদক-২০২৬ অর্জন করেছেন।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পদক-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হয়।

মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদক দেওয়া হয়েছে। তাঁর প্রতিষ্ঠিত জি এম মৎস্য উৎপাদন কেন্দ্রে পাঙ্গাশ, কই ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন করা হয়। দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় মৎস্য ভাণ্ডার সমৃদ্ধ করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ নিয়ে মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের জন্য দ্বিতীয়বার জাতীয় পর্যায়ের স্বীকৃতি পেলেন আব্দুল মহিত তালুকদার। এর আগে ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে তিনি জাতীয় মৎস্য পুরস্কার লাভ করেন। এছাড়া স্থানীয় ও আঞ্চলিক পর্যায়েও তিনি একাধিকবার মৎস্য পদক অর্জন করেছেন।

জাতীয় মৎস্য পদক- ২০২৬ অর্জনের প্রতিক্রিয়ায় আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলে মৎস্য উৎপাদনের মাধ্যমে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

এই বিভাগের অন্য খবর

Back to top button