বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় নিম্নমানের তুলা দিয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরি, কারখানা সিলগালা ও ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় নিম্নমানের তুলা ও সাধারণ ফ্রেশ টিস্যু মুড়িয়ে তৈরি করা হচ্ছিল স্যানিটারি ন্যাপকিন। নারী স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর এসব পণ্য তৈরির অভিযোগে ‘এশা এন্টারপ্রাইজ’ নামের একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে কারখানাটির উৎপাদন স্থান সিলগালা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বগুড়া মহানগরীর ফুলদিঘী উত্তরপাড়া এলাকায় র‍্যাব-১২ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।

অভিযান বগুড়া র‍্যাব-১২ এর কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই সার্জিক্যাল পণ্য ও স্যানিটারি ন্যাপকিন তৈরি করছিল। উৎপাদিত ‘জবা’ ও ‘সেফ কেয়ার’ ব্র্যান্ডের স্যানিটারি ন্যাপকিনের মোড়কে উৎপাদনস্থল হিসেবে ধামরাইয়ের ঠিকানা ব্যবহার করা হয়। সংশ্লিষ্টদের মতে, প্রকৃত উৎপাদনস্থলের তথ্য গোপন করে ভিন্ন ঠিকানা ব্যবহার করা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারার আওতায় প্রতারণার শামিল।

অভিযানে কারখানাটিতে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে স্যানিটারি ন্যাপকিন তৈরির বিষয়টিও উঠে আসে। পরে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং উৎপাদন স্থানটি সিলগালা করে দেওয়া হয়।

নারী স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল, উৎপাদনপ্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুমোদনহীন ও নিম্নমানের এসব পণ্য বাজারজাত বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button