বগুড়া জেলা
প্রধান খবর

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে বগুড়ায় রাষ্ট্রপক্ষের সাত আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে তারা বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী আইন কর্মকর্তারা বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের বগুড়া ইউনিটের সঙ্গে যুক্ত। তাঁরা জামায়াতে ইসলামী-সমর্থিত আইনজীবীদের সংগঠনের নেতা হিসেবে পরিচিত। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁরা বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পদত্যাগকারীরা হলেন- অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আরিফুর রহমান এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট ইন্দ্রজিৎ ও অ্যাডভোকেট আতাউর রহমান সবুজ।

পদত্যাগপত্রে এপিপি অ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি বলেন, জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা তাঁকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। একই সঙ্গে বিচার বিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব জুলাইয়ের আগের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পদত্যাগপত্রে শাফিকুর রহমান আরও বলেন, এসব ঘটনা সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে বিবেকের তাড়নায় পদে থেকে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ, সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মল্লিক, অ্যাডভোকেট আতাউর রহমান সবুজ, অ্যাডভোকেট সাইফুদ্দীন সাইফুল, অ্যাডভোকেট দলিলুর রহমান ও অ্যাডভোকেট আল-আমিনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পদত্যাগকারী অন্য আইন কর্মকর্তারাও শাফিকুর রহমানের উত্থাপিত দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button