বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় সিয়াম হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও প্রস্তুতের অভিযোগে সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা দিকে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে বগুড়া মহানগরের শেরপুর রোডের মফিজ পাগলার মোড় এলাকায় সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রেস্টুরেন্টটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করতে দেখা যায়। নোংরা পরিবেশে পরোটার ময়দার ডো সংরক্ষণ, পোড়া তেলে পরোটা, পুরি ও মোগলাই প্রস্তুত এবং প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় রাখার বিষয়টি নজরে আসে।

এছাড়া রান্নাঘরে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। রেস্টুরেন্টটির ফ্রিজে পচা ও বাসি খাবার সংরক্ষণ করতেও দেখা যায়।

এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেলসহ অন্যান্য কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। অভিযানের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে।

অভিযান শেষে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সরকারের প্রচলিত সব আইন ও বিধি মেনে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button