বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া সহ তিনটি শহরে চালু হলো নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’

নিজস্ব প্রতিবেদক: নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এসব বাসে চালক, কন্ডাক্টর ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। যাত্রীও থাকবেন শুধু নারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া বিআরটিসি বাস ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

প্রাথমিকভাবে বগুড়ায় দুটি বাস এ সেবায় যুক্ত হয়েছে। এর মধ্যে একটি বাস শেরপুর-মাটিডালি রুটে এবং অপরটি মোকামতলা-বনানী রুটে চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বগুড়ার অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও এ সেবা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে বিআরটিসি।

বিআরটিসি সূত্রে জানা গেছে, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন রুটে নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস চালু করা হচ্ছে। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে প্রাথমিকভাবে ১০টি বাস চালু করা হয়েছে। ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাসসহ মোট ১৪টি বাস ১৩টি রুটে চলাচলের পরিকল্পনা রয়েছে।

বগুড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, দেশের তিনটি জেলায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হচ্ছে, যার মধ্যে বগুড়াও রয়েছে। এই বাসের চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই নারী থাকবেন এবং যাত্রীরাও নারী হবেন।

তিনি বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।”

বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, আপাতত দুটি বাস দিয়ে সেবা শুরু হয়েছে। যাত্রীদের চাহিদা বাড়লে পর্যায়ক্রমে আরও বিভিন্ন রুটে বাসের সংখ্যা বাড়ানো হবে। এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকও প্রস্তুত রয়েছে।

এ বাস সার্ভিসের চালক হিসেবে দায়িত্ব পালন করছেন তাসলিমা পারভীন সাথি ও খাদিজাতুল কোবরা। উদ্বোধনের পর মহিলা দলের কয়েকজন কর্মী বাসে চড়ে বগুড়া শহর প্রদক্ষিণ করেন।

বিআরটিসি জানিয়েছে, অনলাইনের পাশাপাশি নির্ধারিত টিকিট কাউন্টার থেকেও এই বাস সার্ভিসের টিকিট সংগ্রহ করা যাবে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করার ক্ষেত্রে নতুন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button