
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি বাস খাদে পড়ে কানিজ ফাতেমা ছোঁয়া (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বাসের হেলপার ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া সদরের শাখায়া ইউনিয়নের মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানিজ ফাতেমা ছোঁয়া বগুড়া শহরের বিসিক এলাকায় অবস্থিত বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে খামারকান্দি পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
জানা গেছে, স্কুল ছুটির পর শিক্ষার্থীদের নিয়ে বাসটি পীরগাছা ও সাবগ্রাম এলাকার দিকে যাচ্ছিল। পল্লীমঙ্গল ইটভাটার কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কানিজ ফাতেমা ছোঁয়া নিহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে বাসের হেলপার একরামুল হক এবং শিক্ষার্থী সামিউল মাহি ও সিনথিয়া মিমির অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন।
খবর পেয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াজেদ আলী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসচালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



